বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের এপিএস এএইচ এম ফুয়াদের ৫ কোটি ৪৪ লাখ ৯৫ হাজার ৫৮৬ টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সম্পত্তি ক্রোকের এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
ফরিদপুরের সিনিয়র স্পেশাল জজ আদালত সিআইডির আবেদনের ভিত্তিতে এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন। দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলার অংশ হিসেবে আদালত এই সিদ্ধান্ত নেয়।
সিআইডির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ—দীর্ঘ সময় ধরে সরকারি পদে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে অবৈধ সম্পদ অর্জন করেছেন। তদন্তের স্বার্থে সম্পত্তি ক্রোক করা জরুরি হওয়ায় আদালত আদেশ দেন।
ক্রোকের আওতায় আসা সম্পত্তির মধ্যে রয়েছে বাড়ি, জমি, ব্যাংক হিসাব এবং অন্যান্য আর্থিক সম্পদ। মামলাটি বর্তমানে তদন্তাধীন, এবং তদন্ত শেষ হলে চার্জশিট দাখিল করা হবে বলে সিআইডি জানিয়েছে।