বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ফরিদপুরের সালথা উপজেলায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত টানা চার ঘণ্টা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গট্টি ইউনিয়নের গ্রাম্য মাতুব্বর নুরু মাতুব্বর ও জাহিদ মাতুব্বরের মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি বসতবাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ স্থানে সরে যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেছে কিনা তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।