বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনায় আইনি সুরক্ষা চেয়ে মুম্বাই হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। মেটা ও গুগলসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার একাধিক ‘ডিপফেক’ ছবি ছড়িয়ে পড়ার পর অভিনেত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।
আদালতে প্রীতি জিনতা অভিযোগ করেন যে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা এসব ভুয়া ছবি ও ভিডিও তার সামাজিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। এ ধরনের অনৈতিক ব্যবহারের মাধ্যমে তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার এবং কপিরাইট আইন লঙ্ঘিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ১৯৫৭ সালের কপিরাইট আইনের অধীনে নিজের নৈতিক অধিকার রক্ষার দাবিও জানিয়েছেন তিনি।
বিচারপতি অভয় আহুজার একক বেঞ্চ প্রীতি জিনতার অভিযোগটি আমলে নিয়েছেন। আদালত তাকে ব্যক্তিগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।