বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে জাপান। হাঁটুর চোট পুরোপুরি না সারায় আজকের ম্যাচে খেলতে পারছেন না ‘জাপানের মেসি’খ্যাত তারকা উইঙ্গার তাকেফুসা কুবো।
জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার হিউস্টনে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। তবে ইনজুরির কারণে কুবোকে ছাড়াই মাঠে নামতে হবে এশিয়ার দলটিকে।
গত ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে গ্রুপ ‘এফ’-এর বাকি দুই ম্যাচেও খেলতে পারেননি তিনি।
রবিবার দলের অনুশীলনেও পুরোপুরি অংশ নেননি কুবো। সতীর্থদের সঙ্গে না থেকে আলাদাভাবে দৌড় ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মোরিয়াসু বলেন, ‘কুবো এখনও ব্যক্তিগত অনুশীলন করছে। তাই ব্রাজিলের বিপক্ষে সে খেলতে পারবে না। আমরা সবাই চাই, সে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ফিরুক।’
কুবোকে ছাড়াই গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে জাপান। টানা তৃতীয় এবং সব মিলিয়ে শেষ পাঁচটি বিশ্বকাপের মধ্যে এটি তাদের চতুর্থবারের মতো শেষ ৩২-এ ওঠা।
প্রতিপক্ষ ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার উল্লেখ করে মোরিয়াসু বলেন, ‘ব্রাজিল সব সময়ই বিশ্বের সেরা দলগুলোর একটি। অনেকেই এই ম্যাচে আমাদের আন্ডারডগ বলবেন। আমরা সেই বাস্তবতা জেনেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’