বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বৃষ্টিপাত বাড়ায় বাড়ছে নদ-নদীর পানি। ফলে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
মঙ্গলবার (৩০ জুন) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
পাউবো জানিয়েছে, দুধকুমার নদী পাটেশ্বরী (কুড়িগ্রাম) স্টেশনে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং কুড়িগ্রাম জেলার দুধকুমার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
এ ছাড়া আগামী ৩ থেকে ৫ জুলাই ব্রহ্মপুত্র-যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত হতে পারে।
আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় নিম্নাঞ্চল কোথাও কোথাও প্লাবিত থাকতে পারে। এদিকে ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীসমূহ শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এবং যাদুকাটা নদী সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।