প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 06-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ বিদায় নেইমার!
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র।
সোমবার (৬ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচের যোগ করা সময়ের ১০ম মিনিটে পেনাল্টি থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার। পরে ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় জাতীয় দলের হয়ে নিজের যাত্রার ইতি টানার কথা জানান তিনি।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, 'আমি চেষ্টা করেছি, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখানেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।'
ব্রাজিলের জার্সিতে নেইমার ১৩০ ম্যাচে করেছেন ৮০ গোল, সঙ্গে রয়েছে ৫৯টি অ্যাসিস্ট। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলেন তিনি।
জাতীয় দলের হয়ে নেইমারের অন্যতম সাফল্য ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ জয়। এছাড়া ২০১৬ সালে রিও অলিম্পিকে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জেতানোর কৃতিত্বও রয়েছে তার।
বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণ থাকলেও গোল, অ্যাসিস্ট এবং এক দশকের বেশি সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্সে ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকাদের একজন হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন নেইমার।