প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 08-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৮
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় পাহাড়ধসে শিক্ষক ও শিক্ষার্থীসহ আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন শিশু, তারা সবাই মাদরাসাটির শিক্ষার্থী। নিহত অপর ব্যক্তি ওই মাদরাসার শিক্ষক।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকের একটি মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মাদরাসায় পাঠদান চলছিল বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশ, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক ও স্থানীয়দের যৌথ অভিযানে মোট ১৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে আটজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত পাঁচজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিশুদের ক্যাম্প-৩-এর জিকে হাসপাতাল, ক্যাম্প-৫-এর ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং ক্যাম্প-৬-এর আইআরসি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুরে ভারী বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে মাদরাসার ওপর পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্বেচ্ছাসেবকদের সহায়তায় ফায়ার সার্ভিসের নেতৃত্বে অভিযান শেষ হয়।
এদিকে টানা ভারী বর্ষণের কারণে রোহিঙ্গা ক্যাম্পজুড়ে আরও পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এতে ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।