বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কোয়ার্টার ফাইনালে শনিবার রাতে নরওয়ের মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোটের ধাক্কায় কিছুটা চিন্তায় রয়েছে থ্রি লায়ন্সরা।
রক্ষণভাগের অন্যতম ভরসা মার্ক গেহি এবং মিডফিল্ডার ডেকলান রাইসকে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন মার্ক গেহি।
এই কারণে বৃহস্পতিবার দলের অনুশীলনেও অংশ নিতে পারেননি ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার। মেক্সিকোর বিপক্ষে পুরো ম্যাচ খেললেও এই মুহুর্তে হ্যামস্ট্রিংয়ের ব্যথায় ভুগছেন তিনি।
চোট খুব বেশি গুরুতর না হলেও নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেকে ফিট প্রমাণ করার জন্য সময় খুবই কম পাচ্ছেন গিহি। যদি শেষ পর্যন্ত তিনি খেলতে না পারেন, তাহলে তার জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন ড্যান বার্ন।
মেক্সিকোর বিপক্ষে রোমাঞ্চকর ৩-২ গোলের জয়ে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই ডিফেন্ডার। ম্যাচে তিনি একাই করেছিলেন ছয়টি ক্লিয়ারেন্স। যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে কোনো বদলি খেলোয়াড়ের সর্বোচ্চ।
বার্নের এই পারফরম্যান্স কোচ থমাস টুখেলকে বেশ আশাবাদী করে তুলেছে। বিশেষ করে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের শারীরিক শক্তির মোকাবিলায় বার্নকে কার্যকর বিকল্প হিসেবে ভাবছেন ইংল্যান্ড কোচ।
গেহি ছাড়াও ডেকলান রাইসের ফিটনেস নিয়েও দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড শিবির। পেটের সমস্যার কারণে টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলনে অংশ নিতে পারেননি আর্সেনালের এই মিডফিল্ডার। ছোঁয়াচে রোগের আশঙ্কায় তাকে দলের অন্য খেলোয়াড়দের থেকে আলাদা রাখা হয়েছে। এর বাইরে পুরো টুর্নামেন্টজুড়েই হ্যামস্ট্রিং ও পিঠের ব্যথায় ভুগছেন রাইস।