প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 16-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ ২৮০ কোটি টাকার সুপারইয়ট কিনলেন নেইমার
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বিশ্বকাপ মাঠের অধ্যায় আপাতত পেছনে রেখে ব্যক্তিগত জীবনে নতুন এক বিলাসী সংযোজন করেছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। বিশ্রামের এই সময়ে তিনি সংগ্রহে এনেছেন প্রায় ২৮০ কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক সুপারইয়ট, যা ইতোমধ্যেই ভক্তদের আলোচনার কেন্দ্রে এসেছে।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের হারের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার। এরপর পরিবারের সঙ্গে অবকাশযাপনে সময় কাটাচ্ছেন তিনি। সেই সময়েই প্রায় ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮৪ কোটি টাকা) মূল্যের বিলাসবহুল সুপারইয়ট কিনেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
নেইমারের নতুন সুপারইয়টটির নাম ‘এনেজোটা’। নিজের নামের আদ্যক্ষর ‘এনজে’ থেকে এর নামকরণ করা হয়েছে। ব্রাজিলের নৌযান বিশেষজ্ঞ নাদিনহো মারিনহেইরোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইয়টটি রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের জনপ্রিয় পর্যটন এলাকা আংরা দোস রেইসে নোঙর করা রয়েছে। এটি নেইমার ও তার পরিবারের অন্যতম প্রিয় অবকাশযাপনের স্থান।