প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 21-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ ঢাকা জেলা প্রশাসনের সেবা ঘরে বসে পেতে 'হ্যালো ডিসি' অ্যাপ চালু
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ঢাকা জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমের উদ্যোগে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ।
মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে সাধারণ নাগরিক ঘরে বসেই জেলা প্রশাসনের বিভিন্ন সেবা, অভিযোগ, আবেদন ও তথ্য এক প্ল্যাটফর্মে পাবেন।
প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd থেকে ডাউনলোড করা যাবে। গুগল প্লে স্টোরে রিভিউ শেষ হলে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকেও এটি ডাউনলোড করা যাবে। এ ছাড়া জেলা প্রশাসন ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও অ্যাপটি ডাউনলোড করে সেবা নেওয়া যাবে। এ ছাড়া ০১৯৬১-৬০৬০৬০ নম্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি কল করা যাবে।
জেলা প্রশাসন জানিয়েছে, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকেরা সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ভূমি, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স, জনঅভিযোগসহ বিভিন্ন বিষয়ে আবেদন, অভিযোগ ও পরামর্শ পাঠানোর সুযোগ থাকবে। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অ্যাপ থেকেই পর্যবেক্ষণ করা যাবে।
জানা গেছে, এখন থেকে এই অ্যাপের মাধ্যমেই জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। এ ছাড়া এনজিও ও লাইসেন্সিং সেবা, মিউটেশন, অর্পিত সম্পত্তি, সহায়তাসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা এক অ্যাপেই পাওয়া যাবে।