প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 30-07-2026 ইং
সংবাদ শিরোনামঃ আবারো স্থগিত অনুপমের ঢাকার কনসার্ট
বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গত ২৬ জুন ঢাকার একটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল ভারতীয় গায়ক অনুপম রায়ের। ওই সময় কনসার্ট স্থগিত হওয়ার নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল।
তবে আবারও শেষ মুহূর্তে এসে স্থগিত হলো আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ কনসার্টটি।
বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফের স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন।
ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলায় হয়, ‘অনুষ্ঠানটি আয়োজনের লক্ষ্যে আয়োজক প্রতিষ্ঠান সকল প্রস্তুতি সম্পন্ন করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে সম্পন্ন করে। তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে সকল প্রস্তুতি ও অনুমোদন সম্পন্ন হওয়ার পরও অনিবার্য কারণ উল্লেখ করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় অনুষ্ঠানটি আয়োজন না করার সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে কনসার্টটি আপাতত স্থগিত করা হয়েছে।’
ওই বিবৃতিতে আরও বলা হয়, ‘এই আকস্মিক সিদ্ধান্তে হাজারও সংগীতপ্রেমী, টিকিটধারী, শিল্পী, স্পনসর, অংশীদার এবং সংশ্লিষ্ট সবার মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তবু আয়োজক প্রতিষ্ঠান রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সর্বোচ্চ সম্মান জানিয়ে তা সম্পূর্ণরূপে অনুসরণ করছে।’
আয়োজকরা জানান, সব টিকিটধারীকে তাদের কেনা টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে।