বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
সৌদি আরবের রিয়াদস্থিত মুসা সানাইয়ার একটি সোফা কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৬ জন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নে। হঠাতই
প্রিয়জনদের হারানোর খবরে পুরো এলাকা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে এখন শুধুই কান্নার রোল। স্বজনদের আকুল আবেদন—সরকার যেন দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে। সোফা তৈরির কারখানাটিতে আকস্মিক আগুন লাগলে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা শ্রমিকরা বের হওয়ার সুযোগ পাননি।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া নলডাঙ্গার তিন যুবক হলেন—দীঘির পাড় এলাকার মো. জাকির আলীর ছেলে মো. শামীম হোসেন (৩৫), শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম
হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।
খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, সংসারের অভাব দূর করতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে মাত্র বছরখানেক আগে তারা প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনা তাদের সব স্বপ্ন শেষ করে দিল।
ইতোমধ্যেই শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খাঁন জানান, জেলা প্রশাসনের তরফ থেকে নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি
তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একইসঙ্গে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সরকারি ও কূটনৈতিক প্রক্রিয়া চালু রয়েছে।