বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন সমীকরণে পড়তে যাচ্ছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের নাটকীয় জয়ে ক্যালিবীয়দের এই পরিণতি নিশ্চিত হয়েছে। তবে এই সমীকরণে স্বস্তির
নিশ্বাস ফেলেছে বাংলাদেশ। কোনো ধরণের বাছাইপর্বের ঝামেলা ছাড়াই লিটন দাসের দল সরাসরি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এই তালিকার বাইরে থাকলে দলসংখ্যা দাঁড়ায় ১০-এ। গত রাতে
বেলফাস্টে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে আফগানিস্তান মূল পর্বের টিকিট নিশ্চিত করে। স্পোর্টস পোর্টাল ক্রিকইনফোর তথ্যমতে, আফগানদের জয়ের ফলে স্বাগতিক দুই দেশের পাশাপাশি বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড,
পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলা একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে।
অন্যদিকে, বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের নির্ধারিত সময়ের মধ্যে ভারতের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ বাকি রয়েছে। তবে ওই দুই ম্যাচে জয় পেলেও পয়েন্ট ব্যবধানের কারণে তারা শীর্ষ আটে ঢুকতে পারবে না।
ফলে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাছাইপর্বে লড়তে হবে ক্যারিবীয়দের। ২০২৩ বিশ্বকাপেও বাছাইপর্ব থেকেই বাদ পড়েছিল তারা, যার মাশুল হিসেবে খেলতে পারেনি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।
বাছাইপর্বের নতুন নিয়ম ঘিরে বিতর্ক: এবারের বাছাইপর্বের ফরম্যাটে আনা হয়েছে কিছুটা পরিবর্তন। বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছাবে। অন্যদিকে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলগুলোকে
খেলতে হবে 'সুপার সিরিজ' নামের প্রথম রাউন্ড, যেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দলটিই কেবল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। আইসিসির এমন নতুন নিয়ম নিয়ে সহযোগী দেশগুলোর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিং অনুযায়ী টেস্ট খেলুড়ে দুই সর্বনিম্ন দল—ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড বাছাইপর্বে অংশ নেবে। তাদের সাথে যোগ দেবে ক্রিকেট বিশ্বকাপ লিগ টু-এর সেরা চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফ
থেকে আসা আরও চার দল।