বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর যেখানে বাঁধভাঙা আনন্দে ভাসার কথা ছিল, সেখানে বিষাদের সুর নেমে এসেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মানরা গ্রামের তোফাজ্জল হোসেনের পরিবারে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ঢাকা
বিমানবন্দর সরকারি উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে মো. শাহরিয়ার হোসেন শিহাব (১৭)। তবে এই সাফল্যের খবর শোনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সে।
পরিবার সূত্রে জানা গেছে, শাহরিয়ার ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। কাজের সূত্রে পরিবারটি ঢাকায় বসবাস করলেও সম্প্রতি চাচার বিয়ে উপলক্ষে গ্রামের বাড়ি মানরায় আসে তারা। গত শনিবার (৯ আগস্ট) দুপুরে গোসল শেষে বাড়ির
ছাদে কাপড় শুকাতে গিয়ে লাইটিংয়ের বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহরিয়ার এবং ছাদ থেকে নিচে পড়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার সন্ধ্যায় পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর ঠিক দুই দিন পর গতকাল সোমবার পরীক্ষার ফলাফল
প্রকাশিত হলে জানা যায়, সে জিপিএ-৫ পেয়েছে।
শাহরিয়ারের চাচা জিয়াউল হক কান্নাজড়িত কণ্ঠে জানান, সে অত্যন্ত মেধাবী ও নম্র স্বভাবের ছিল। সবাই আশা করেছিল সে জিপিএ-৫ পাবে, কিন্তু আজ ফল প্রকাশের দিনে ছেলেটাই আর আমাদের মাঝে নেই।
এ বিষয়ে স্থানীয় শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান শোক প্রকাশ করে জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানহারা পিতা-মাতাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা কারো জানা নেই।