বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
লিওনেল মেসি ও বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে কেরালায় নিয়ে আসার নাম করে এক বিশাল আর্থিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। রাজ্যটির নতুন প্রশাসনের দাবি, এই সফর ঘিরে দেশজুড়ে যে তোলপাড় সৃষ্টি হয়েছিল, তার পুরোটাই ছিল পরিকল্পিত ‘ভাঁওতাবাজি’।
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কেরালায় খেলতে আসার বিষয়টি সম্পর্কে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বা দলটির খেলোয়াড়েরা কিছুই জানতেন না। অথচ এই ভুয়া সফরকে পুঁজি করে আয়োজকেরা প্রায় ১২৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬২ কোটি টাকা) লোপাট করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
কেরালা সরকারের ক্রীড়া বিভাগের অভ্যন্তরীণ অনুসন্ধানে এই জালিয়াতি ধরা পড়ে। ক্রীড়া বিভাগের বিশেষ সচিব এন প্রশান্ত এ বিষয়ে একটি বিশদ প্রতিবেদন জমা দিয়েছেন ক্রীড়ামন্ত্রী ও জে জানিশের কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঘটনাটির গভীরতা বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য বিষয়টি ভিজিল্যান্স বিভাগ ও কেন্দ্রীয় তদন্তকারী
সংস্থার কাছে হস্তান্তর করা উচিত। প্রতিবেদনটি ইতোমধ্যে কেরালার মুখ্যমন্ত্রীর কার্যালয়েও পাঠানো হয়েছে।
তদন্তে উঠে আসে, ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ (আরবিসি) নামের একটি প্রতিষ্ঠান মেসিদের এই সফরের প্রধান উদ্যোক্তা ছিল। তাদের দাবি ছিল, সফর নিশ্চিত করতে এএফএকে ইতোমধ্যে আগাম ১২৬ কোটি রুপি দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তাদের কাছে ওই অর্থ লেনদেনের বা এএফএ-র পক্ষ থেকে কোনো প্রাপ্তিস্বীকারের বৈধ
কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
এর আগে, মেসি ও আর্জেন্টিনা দলের আগমন ঘিরে রাজ্যজুড়ে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তদের মাঝে ব্যাপক উদ্দীপনা ছড়িয়ে পড়েছিল। এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শত কোটি টাকার স্পন্সর সংগ্রহের চেষ্টাও চালিয়েছিল আয়োজক সংস্থাটি।