বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কাউনিয়া (রংপুর): ক্রমাগত বৃষ্টিপাত আর নদীর তীব্র স্রোতের তোড়ে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল ও সড়ক সেতুর মধ্যবর্তী নদী রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভয়াবহ ধস।
পানির প্রবল চাপে বাঁধের নিচের মাটি ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং সুরক্ষার কাজে ব্যবহূত সিসি ব্লকগুলো ছিটকে নদীতে বিলীন হয়ে গেছে।
বাঁধের এই করুণ দশায় নতুন করে ভাঙনের মুখে পড়েছে আশপাশের তীরবর্তী মানুষ, যা সৃষ্টি করেছে তীব্র আতঙ্ক ও উদ্বেগ।
সরজমিনে গিয়ে দেখা যায়, নদীর তোড়জোড় প্রবাহের কারণে বাঁধটির পাড় হুহু করে ভেঙে গিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
ব্লকের বড় একটি অংশ তলিয়ে যাওয়ায় আস্ত রক্ষা কাঠামোটি এখন চূড়ান্ত ঝুঁকিতে।
স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করে জানান, অতি দ্রুত এই ক্ষতিগ্রস্ত অংশটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ বা মেরামত করা না হলে পানির চাপ বৃদ্ধির সাথে সাথে বাঁধ পুরোপুরি ধসে বিস্তীর্ণ ঘরবাড়ি, কৃষিজমি ও বসতভিটা তিস্তায় তলিয়ে যাবে।
দুর্ঘটনার খবর পেয়ে লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ সাহা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে তিনি জানান, ভাঙনকবলিত এলাকা চিহ্নিত করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া অব্যাহত আছে।