বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গত ১৭ বছরে চিকিৎসা খাত চরম অবহেলা ও লুটপাটের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যাবিশিষ্ট করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
একই সাথে দেশের চিকিৎসা সেবায় গতি ফেরাতে এবং চিকিৎসক সংকট কাটাতে দ্রুত ৫ হাজার নতুন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
সকালে মন্ত্রী ব্যক্তিগত জিপে চড়ে কোনো পূর্বঘোষণা ছাড়াই মহেশপুর ও কোটচাঁদপুর হাসপাতালে পৌঁছালে সেখানে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়।
এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের স্টোরে থাকা ওষুধের মজুত পরীক্ষা করে দেখেন।
মন্ত্রীর ঝিনাইদহে আসার খবর জানাজানি হতেই স্থানীয় ঝিনাইদহ সদর হাসপাতালেও তৎপরতা বৃদ্ধি পায়।
পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা অভিযানসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেন।