বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
স্পোর্টস ডেস্ক: মরক্কান বংশোদ্ভূত তরুণীকে বিয়ের খবরের রেশ কাটতে না কাটতেই নতুন এক চাঞ্চল্যকর গুঞ্জনে সংবাদের শিরোনামে এলেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস।
গুঞ্জন রটেছে, ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই সাবেক লেফট-ব্যাক নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম 'গোল ডটকম'-এর বরাতে বিষয়টি নিয়ে ক্রীড়াবিশ্বে জোর চর্চা চলছে।
তবে এ বিষয়ে কার্লোস বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তুর্কি সংবাদমাধ্যম 'হাবেরলার'-সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, মাসখানেক আগে ব্রাজিলের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার সান্নিধ্যে এসে কালেমা পাঠ করেন ৫৩ বছর বয়সি এই তারকা।
মূলত তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি সামাজিক মাধ্যম পোস্টের পরই বিষয়টি হু হু করে ছড়িয়ে পড়ে।
ব্রাজিলের মুসলিম প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে আলি শাহিন লেখেন, 'ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইউথ'-এর প্রতিনিধি শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল কার্লোসের।
সেই সূত্রে চার সপ্তাহ আগে তাঁদের সাক্ষাৎ হয় এবং কার্লোস শাহাদাহ পাঠ করেন। পোস্টে সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে উষ্ণ অভিনন্দনও জানান ওই তুর্কি সংসদ সদস্য।
ফুটবল ক্যারিয়ারের শেষ লগ্নে তুরস্কের বিখ্যাত ক্লাব 'ফেন্যারবাচে'-তে খেলেছিলেন কার্লোস। ফলে তুরস্কে তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং সেখানকার সংবাদমাধ্যমে খবরটি বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, ইসলাম গ্রহণের খবর ছড়ানোর ঠিক আগেই মরক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তরুণী সোহাইলা এল তাহিরির সঙ্গে কার্লোসের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।
ফিফা নিবন্ধিত ফুটবল এজেন্ট সোহাইলার সঙ্গে চলতি বছরের জানুয়ারিতে সম্পর্কের সূচনা হয় কার্লোসের এবং গত ২৫ জুলাই ঘরোয়া আয়োজনে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।