বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
স্বাধীন চলচ্চিত্র হিসেবে প্রশংসিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তি পেতে যাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
নির্মাতা আকাশ হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শুরুর সময় গণরুমের তিক্ত অভিজ্ঞতাসহ নিজের দেখা চারপাশ থেকেই অনুপ্রাণিত হয়েছেন এ ধরণের গল্পে সিনেমা নির্মাণে।
ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়- এমন অনেক কিছু নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।
সব মিলিয়ে নির্মাতা আকাশ হক মজার ছলে সিনেমায় তুলে এনেছেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিকে। এর অন্ধকার ও বাস্তব রূপ, ক্ষমতা, হল-রাজনীতি এবং ক্ষমতার দ্বন্দ্বে তরুণদের জড়িয়ে পড়ার বিষয়গুলোকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার জন্য সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে।