বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা প্রায় ৮১ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডবোঝাই ১০টি ট্রাক খুলনায় না গিয়ে পুরান ঢাকার নয়াবাজারে প্রবেশের পর জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আজ শনিবার (২৯ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এনবিআর সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খুলনাকামী পণ্যবাহী যানবাহনের স্বাভাবিক রুট কাঁচপুর–সাইনবোর্ড–পোস্তগোলা–মাওয়া এক্সপ্রেসওয়ে–পদ্মা সেতু হলেও চালানটি সেই পথ এড়িয়ে পুরান ঢাকার নয়াবাজার এলাকায় প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার একটি দল অভিযান চালিয়ে নয়াবাজারের আড়তে বিক্রির আগেই ডুপ্লেক্স বোর্ডসহ ট্রাকগুলো জব্দ করে।
অভিযান চলাকালে কাস্টমস গোয়েন্দা দলের উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক পালানোর চেষ্টা করলেও পরবর্তীতে সেটিকেও মালামালসহ ধরে ফেলা হয়। শুল্ক ফাঁকি দিয়ে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে এই চোরাচালান করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।