বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
দুই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। নাটোরের বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ায় প্রায় দুই ঘণ্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। এ সময় আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে অন্তত ছয়টি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেল পিলারের কাছে রেললাইন ভাঙা শনাক্ত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত পরিদর্শনের সময় কর্তব্যরত রেলকর্মীরা রেললাইন ভাঙা দেখতে পান। বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতকাজ শুরু করেন। এ সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়।
এর ফলে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে।
কর্মরত রেলওয়ের মিস্ত্রি (মেট) মোস্তাক আহমেদ জানান, ‘সকালে ভাঙা শনাক্ত হওয়ার পর আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। দ্রুত মেরামত কাজ শুরু করি। এরপর ভাঙা অংশটিতে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন অতিক্রম করার নির্দেশনা দেওয়া রয়েছে। পূর্ণাঙ্গ মেরামত সম্পন্ন হলে গতি স্বাভাবিক হবে।’
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, ‘সকাল ৬টা ৪০ মিনিটে আমরা রেললাইন ভাঙার খবর পাই। এর পরপরই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে গতি নিয়ন্ত্রিত থাকলেও রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।