বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ক্লিনিকে হামলার প্রতিবাদে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি ছাত্র সমিতি।
গতকাল সোমবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা হামলায় জড়িত সব আসামিকে অনতিবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির জোর দাবি জানান।
মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আজহারুল ইসলাম বলেন, একজন প্রাণিচিকিৎসকের ওপর অতর্কিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি, বাকি আসামিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক যেন ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান জানান, হামলায় জড়িত একজনকে পুলিশ ইতোমধ্যে গ্রেপ্তার করেছে। তবে অন্য আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হবে।
ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ভেটেরিনারি পেশা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা দেশের মানুষের আমিষ ও প্রোটিনের জোগান নিশ্চিত করে। এমন একটি পেশার চিকিৎসকদের ওপর বর্বর ও পরিকল্পিত হামলা অত্যন্ত নিন্দনীয়।
মানববন্ধনে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক মোইজুর রহমান, অধ্যাপক তৌফিক আনাম আজাদ, আবদুল্লাহ আল-মামুন ভূঁঞাসহ বিভাগের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী এবং 'ভেট এক্সিকিউটিভ'-এর রাজশাহী শাখার সদস্যরা সংহতি প্রকাশ করে অংশ নেন।