বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, দেশে সংসদীয় গণতন্ত্রের পুনর্জাগরণও এ দলের হাত ধরে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়বস্তু নিশ্চিত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, বিগত দিনে দলের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও লাখ লাখ মিথ্যা মামলার শিকার হলেও বিএনপি গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়নি। বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও নাগরিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ এবং নিয়মিত সংসদে উপস্থিত থাকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি বিএনপির নির্বাচনি ইশতেহারে উল্লিখিত শিক্ষা খাতের উন্নয়ন ও 'ফ্যামিলি কার্ড' সহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচির ইতিবাচক মূল্যায়ন করেন।
নারী উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা তাঁর সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
আইপিইউ সেক্রেটারি তানজানিয়ায় অনুষ্ঠেয় ১৫৩তম আইপিইউ সম্মেলনে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশের সাথে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের কথা ব্যক্ত করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।