বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
চট্টগ্রামের হাটহাজারীতে এক গোপন অভিযানে একটি অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান থেকে চারটি তৈরি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি এবং অস্ত্র বানানোর বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে অস্ত্র তৈরির কাজ চলাকালেই হাতেনাতে দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গত সোমবার (৩১ আগস্ট) মধ্যরাতে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এ যৌথ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— ওই এলাকার বাসিন্দা মো. জামাল হোসেন (৪৪) এবং মো. কবির।
পুলিশ জানায়, স্থানীয় একটি স্থানে দীর্ঘদিন ধরে গোপনে অবৈধ অস্ত্র তৈরি ও বিক্রির কাজ চলছিল। সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চার রাউন্ড গুলি ও আধুনিক সরঞ্জামসহ প্রস্তুতকৃত ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং দায়ীদের আটক করে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ নিশ্চিত করেছেন যে, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের পেছনের নেটওয়ার্ক উদঘাটনে বিস্তারিত অনুসন্ধান চালানো হচ্ছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।