বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোম ও মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট, স্মার্টফোন, ডিসপ্লে ও স্বর্ণালংকার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ আনুষ্ঠানিকভাবে অভিযান ও পণ্য উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেছেন।
জব্দকৃত পণ্যের বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
মদ ও সিগারেট উদ্ধার: বাহরাইন থেকে আসা গালফ এয়ারের যাত্রী মো. আল আমিনের লাগেজ থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১৮ লিটার ‘রেড লেবেল’ বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে দুবাই ও সৌদি আরব থেকে আসা যাত্রীদের কাছ থেকে প্রায় সাড়ে ৪০ লাখ টাকা মূল্যের প্রায় ৫০০ কার্টন অবৈধ বিদেশি সিগারেট এবং পরিত্যক্ত হাতব্যাগ থেকে ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী: ব্যাংকক ও সৌদি আরব থেকে আসা ফ্লাইটের যাত্রী লাগেজ তল্লাশি করে ৩৬টি দামী স্মার্টফোন (রেডমি টার্বো ৪ প্রো ও অনার ২০০), ৫৫০ পিস মোবাইল এলসিডি এবং ৯৫০ পিস ডিসপ্লেসহ মাদারবোর্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত ইলেকট্রনিক্স পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৫২ লাখ ২১ হাজার টাকা।
স্বর্ণ ও ওষুধ জব্দ: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর কাছে থেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার এবং রোয়াটিনেক্স ও সাবরিল ব্র্যান্ডের বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৪৮ হাজার টাকা।
দুই দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলমান রয়েছে।