বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গাজীপুরের শিমুলতলী এলাকায় চলমান একটি বাণিজ্য মেলার আড়ালে গড়ে উঠেছে জুয়ার আসর ও লটারি প্রতারণার কেন্দ্র। স্থানীয়দের অভিযোগ, মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করার নামে প্রকাশ্যে চলছে অবৈধ জুয়া ও লটারি কার্যক্রম, যার ফলে যুবসমাজ বিপথে যাচ্ছে এবং এলাকায় সৃষ্টি হয়েছে অস্থিরতা।
এ অবস্থায় মেলা বন্ধে প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম
দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
প্রতিবাদকারীরা বলেন,
“বাণিজ্য মেলার নামে মানুষকে প্রতারিত করা হচ্ছে। শিশু-কিশোররাও জুয়া ও লটারির ফাঁদে পড়ে যাচ্ছে। আমরা চাই, এই অবৈধ কার্যক্রম বন্ধ হোক এবং মেলা তুলে দেওয়া হোক।”
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মেলার নামে মূলত চলছে জুয়ার আসর ও প্রতারণামূলক লটারি। পুরস্কারের প্রলোভনে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন।
এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেছে, তিন দিনের মধ্যে মেলা বন্ধ না হলে তারা কঠোর আন্দোলনে যাবে।