বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে দেশে ফিরেছেন আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফিরতি যাত্রীরা অনিয়মিত অভিবাসন, মেয়াদোত্তীর্ণ ভিসা বা কাজের অনুমতি না থাকার কারণে লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে ছিলেন। পরে বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের দেশে ফেরানো হয়।
ঢাকায় পৌঁছানোর পর আইওএমের সহযোগিতায় ফেরত আসা বাংলাদেশিদের প্রাথমিক সহায়তা, খাবার ও চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে তারা নিজ নিজ বাড়িতে ফেরার প্রস্তুতি নেন।
আইওএম জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত লিবিয়া থেকে দেড় হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তায় দেশে ফেরানো হয়েছে।
বাংলাদেশ সরকার জানিয়েছে, প্রবাসে বিপদে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।