বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড়ে আবারও মানবপাচারকারি চক্রের আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। সোমবার রাতে পরিচালিত অভিযানে চক্রের সদস্যরা পালিয়ে গেলেও জিম্মিদশা থেকে ২২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় আটক ছিলেন। পাচারকারিরা তাদের পাহাড়ি আস্তানায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে র্যাব সদস্যরা মানবপাচারকারিদের কয়েকটি আস্তানা আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যাতে ভবিষ্যতে আর কেউ এই এলাকায় অবৈধভাবে এমন ঘাঁটি স্থাপন করতে না পারে।
র্যাবের এক কর্মকর্তা বলেন, “আমরা পাচারচক্রের মূল হোতাদের শনাক্ত করেছি। তাদের গ্রেফতারে পৃথক অভিযান চলছে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত অঞ্চলে মানবপাচার বন্ধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।