বিশেষ প্রতিনিধি, Akther Hossan Saddam।।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ সদরদপ্তরে প্রত্যাহৃত অবস্থায় ছিলেন।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তরিত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
পুলিশ সদরদপ্তরের এক সূত্র জানিয়েছে, প্রশাসনিক কারণে নাজমুল করিম খানের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত বিস্তারিত কারণ এবং অভিযোগের বিষয়টি এখনও স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি।
সাময়িক বরখাস্তকালীন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে আদেশে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, “বরখাস্তের সময়কাল ও প্রক্রিয়া সরকারি নিয়ম অনুযায়ী চলবে।
এর আগে নাজমুল করিম খান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।