গাজীপুরের টঙ্গীর তুরাগপাড়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বছরের জোড় ইজতেমার পর্দা ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের উপস্থিতিতে ইজতেমা মাঠ সকাল থেকেই সরব হয়ে ওঠে।
ইজতেমা আয়োজকরা জানিয়েছেন, এ বছরের জোড় ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরা বয়ান, দোয়া-মোনাজাত, মাশোয়ারা ও বিভিন্ন দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছেন। মুসল্লিদের থাকার জন্য আলাদা খিত্তা, খাবার বিতরণ, পানি সরবরাহ ও চিকিৎসাসহ বিভিন্ন মৌলিক সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ইতোমধ্যে মাঠে দায়িত্ব নিয়েছেন। গুরুত্বপূর্ণ প্রবেশ ও প্রস্থান পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। লাইফ জ্যাকেট ও নৌপরিবহন ব্যবস্থার জন্য তুরাগ নদীর ঘাট এলাকাতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
ইজতেমাস্থলে আসা মুসল্লিরা জানান, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ আধ্যাত্মিক সমাবেশে অংশ নিতে তারা উৎসাহ ও ভক্তি নিয়ে মাঠে এসেছেন। বিভিন্ন জেলা ও অঞ্চলে থাকা সাথী ও মুরুব্বিদের সঙ্গে সাক্ষাৎ, বয়ান শোনা এবং দাওয়াতি আলোচনা করাই তাদের প্রধান উদ্দেশ্য।
আগামী ২ ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের জোড় ইজতেমার সমাপ্তি হবে। মোনাজাতে দেশ-জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
| ফজর | ৪:৪৮ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১১:৫৬ মিনিট দুপুর |
| আছর | ৩:৪৩ টা বিকাল |
| মাগরিব | ৫:১৮ টা সন্ধ্যা |
| এশা | ৭:০০ মিনিট রাত |
| জুম্মা | ১২:০০ মিনিট দুপুর |

