আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের আগে এবার প্রাণিদের দেওয়া রায় নিয়ে খেলা জমে উঠেছে মেক্সিকোর গুয়াদালাহারা চিড়িখানায়। সেখানে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ নিয়ে অদ্ভুত সব উপায়ে ভবিষ্যদ্বাণী করে দর্শকদের বিনোদন দিচ্ছে প্রাণীরা।
যেমন ১১ জুনের মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা উদ্বোধনী ম্যাচ নিয়ে নিজেদের মতো করে ভবিষ্যদ্বাণী করেছে দুটি হাতি। চিড়িয়াখানার অস্থায়ী ফুটবল মাঠে হাতি দুটির সামনে ছিল দুটি পথ। দুই পথে দুই রকমের খাবার রাখা ছিল।
একদিকে ছিল মেক্সিকোর পতাকা লাগানো ঘাস, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পতাকা লাগানো সবুজ পাতা। হাতি দুটি মেক্সিকোর পতাকার দিয়ে হেঁটে যাওয়ায় ধরে নেওয়া হয় উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতবে মেক্সিকো! এখন মাঠে কী হয় সেটি দেখার অপেক্ষা।
হাতিদের পর্ব শেষে মঞ্চে হাজির হয় দুটি গরিলা। তারা ভবিষ্যদ্বাণী করে ২৬ জুনের স্পেন-উরুগুয়ে ম্যাচ নিয়ে। গরিলা দুটির সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দুদলের জার্সির আদলে তৈরি দুটি খাবারের পাত্র। একটি গরিলা না নড়লেও অন্যটি ঝাঁপিয়ে পড়ে উরুগুয়ের পাত্রের দিকে।
উরুগুয়ের জয়ের পূর্বাভাস পেয়ে চিড়িয়াখানার কিপার ইভান রেইনেসো চিৎকার করে বলেন, ‘কে জিতবে জানিয়ে দিল গরিলা।’ এমন বিচিত্র আয়োজন সামনে আরও দেখা যাবে। যে প্রাণীর পূর্বাভাস মিলে যাবে, তার খ্যাতি ঠেকায় কে!