আগামী ৭২ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় বন্যার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী, ফেনী ও সেলোনিয়া নদীর পানি কমেছে। তবে গোমতী নদীর পানি বেড়েছে, যা আগামী দুই দিন আরও বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতির ধীরগতিতে উন্নতি হতে পারে।
অন্যদিকে ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া ও হালদা নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।
এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট ও মৌলভীবাজার অঞ্চলের সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি বেড়েছে। তবে ধলাই ও খোয়াই নদীর পানি কমেছে। আগামী দুই দিনে এসব নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে।