চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা করেছে ছাত্রকল্যাণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম এক বিবৃতিতে জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। জারিকৃত এ নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিবৃতিতে। পাশাপাশি সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
গত ২৮ জুলাই চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ১২ আগস্ট পুকুরে ডুবে মৃত্যুবরণ করেন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। তারা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এদিকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম এর সাথে সাধারণ ছাত্র-ছাত্রীরা মতবিনিময় করেন।
অ্যাকাডেমিক কাউন্সল কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চুয়েটের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পুকুরে ডুবে অকাল মৃত্যুবরণকারী চুয়েটের ২০২৪ ব্যাচের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী চমক দত্ত এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ, ছাত্র-ছাত্রীদের সুরক্ষা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, ভবিষ্যতের করণীয়, রোডম্যাপ তৈরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ জাতীয় আরো খবর..