দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন।
শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে চালানো এই হামলায় বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোরে লেবাননের নাবাতিয়াহ জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়াহ আল-ফওকা সংলগ্ন এলাকায় টানা ৩টি বিমান হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
লেবাননের সিভিল ডিফেন্স (বেসামরিক প্রতিরক্ষা বাহিনী) নিশ্চিত করেছে যে, আনসারের ওয়াদি খলিল এলাকার একটি আবাসিক ভবন লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল।
লেবাননের উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, নিহতের ৬ জনের সংখ্যাটি প্রাথমিক।
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা বের করতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
হঠাৎ করে চালানো এই বিমান হামলার পর গোটা নাবাতিয়াহ এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পরপরই স্থানীয় বাসিন্দারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে শুরু করেছেন। এই ঘটনার পর দক্ষিণ লেবানন সীমান্তে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।