সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দীর্ঘদিনের জট কমাতে নেওয়া বিশেষ পদক্ষেপে বড় সফলতা এসেছে।
মাত্র ১২ কার্যদিবসে রেকর্ড ৬২ হাজার ৬৩৭টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
গণসংযোগ কর্মকর্তা জানান, গত ১৩ আগস্ট ১৩টি বেঞ্চে একদিনেই ৫ হাজার ৪০৫টি পুরোনো ফৌজদারি (ক্রিমিনাল মিস) মামলা নিষ্পত্তি হয়।
এর মাধ্যমে কেবল ফৌজদারি ক্যাটাগরিতেই ১২ দিনে মোট ৫৫ হাজার ৭৩০টি মামলা নিষ্পত্তি করা সম্ভব হলো।
মামলাজট কমানো ও দ্রুগতি আনায় গত ৭ মে থেকে নির্দিষ্ট বেঞ্চগুলোতে এই বিশেষ উদ্যোগ চালু হয়, যা সামনেও অব্যাহত থাকবে।
এই সাফল্যকে বিচারপ্রার্থীদের জন্য বড় স্বস্তি হিসেবে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি বলেন, “মামলাজট নিরসনে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনা ও বিচারপতিদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
একদিনে ৫ হাজারের বেশি মামলা নিষ্পত্তি হওয়া বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বহুলাংশে বাড়াবে।” ভবিষ্যতে এই কার্যক্রমে রাষ্ট্রের আইনি কার্যালয় থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।