ঝাড়খণ্ড ও তার কাছাকাছি বিহার অঞ্চলে অবস্থান করা স্থল নিম্নচাপটি শক্তি হারিয়ে এখন একটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি ক্রমান্বয়ে আরও দুর্বল হয়ে শেষ পর্যন্ত মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিশে যেতে পারে।
আজ বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরেছে আবহাওয়া অফিস।
বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সামগ্রিকভাবে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি মাত্রায় অবস্থান করছে।
বৃষ্টির সম্ভাবনা: এই সময়ে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারি বর্ষণ: দেশের নির্দিষ্ট কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
তাপমাত্রা: এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।