জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় উল্লাস প্রকাশ করেছে জামালপুর জেলা যুবদল।
এ উপলক্ষে শহরে আনন্দ মিছিল ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল (২১ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে শহরের আজাদ ডাক্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া যুবদলের নেতাকর্মীরা নতুন মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরবর্তীতে তারা পথচারী, সাধারণ নাগরিক ও রিকশাচালকদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং নবনিযুক্ত মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করেন।
জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা জানান, এম রশিদুজ্জামান মিল্লাত দীর্ঘদিন ধরে জামালপুরের সার্বিক উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়ায় এই অঞ্চলের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করছেন।
উল্লেখ্য, বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এম রশিদুজ্জামান মিল্লাত এতদিন একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।