সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় উদীয়মান তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে সংবর্ধিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মক্কার মিসফালা এলাকার একটি স্থানীয় হোটেলে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই সম্মাননা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কায়েম মোল্লা। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা জয়নাল আবেদীন হিরো, তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মুফতি মোহাম্মদ মহিউদ্দিন, হাবিব উল্লাহ মক্কী, মুফতি মাওলানা সোয়াইব আহমেদ আজহারী এবং হাফেজ জায়েদ আব্দুল্লাহ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, পবিত্র ভূমিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে তরুণ হাফেজদের এই সাফল্য বাংলাদেশের জন্য চরম গৌরবের। এই অর্জন বৈশ্বিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ও সুনাম আরও বৃদ্ধি করবে।
আলোচনা পর্বের সমাপ্তিতে বিজয়ী হাফেজ নুরুউদ্দিন জাকারিয়াকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর হাতে ক্রেস্ট, নগদ অর্থ, পবিত্র কোরআনের কপি, জায়নামাজসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেন সভার সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আমন্ত্রিত অতিথিরা।