বঙ্গোপসাগরে ভারতের ওড়িশার পারাদীপ উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল গভীরে ২৪ জন নাবিক নিয়ে পানামার পতাকাবাহী একটি বিশালাকার পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা গেলেও এক বাংলাদেশি নাগরিকসহ বাকি ২২ জন নাবিক নিখোঁজ রয়েছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ডুবে যাওয়া বাল্ক ক্যারিয়ার জাহাজটির নাম ‘এমভি ওশান উইনার’। এটি ওড়িশার পারাদীপ বন্দর থেকে বিপুল পরিমাণ লোহার আকরিক (আইরন ওর) বোঝাই করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
জাহাজটিতে ২০ জন চীনা, ৩ জন মিয়ানমারের এবং ১ জন বাংলাদেশি নাবিক কর্মরত ছিলেন। পথিমধ্যে শনিবার (২২ আগস্ট) জাহাজটি আচমকা দুর্ঘটনার কবলে পড়ে এবং একপর্যায়ে সমুদ্রে তলিয়ে যায়।
তার আগেই জাহাজটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
সংকটজনক পরিস্থিতির খবর পেয়েই ভারতীয় কোস্ট গার্ডের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) দ্রুত পদক্ষেপ নেয়। দুর্ঘটনাস্থলের কাছাকাছি থাকা ‘এমটি আইসোপোস’ নামে একটি বাণিজ্যিক জাহাজকে তৎক্ষণাৎ
সেখানে পাঠানো হয়। উক্ত জাহাজটি দুটি লাইফরাফ্ট থেকে ভাসমান অবস্থায় দুজনকে জীবিত উদ্ধার করে। তবে উদ্ধারপ্রাপ্ত দুই নাবিকের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি,
ফলে নিখোঁজ বাংলাদেশি নাবিকের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট।
বর্তমানে নিখোঁজ ২২ জন নাবিকের খোঁজে বঙ্গোপসাগরে বড় ধরনের যৌথ উদ্ধার অভিযান চালাচ্ছে ভারতীয় কোস্ট গার্ড ও ভারতীয় নৌবাহিনী। অনুসন্ধানের কাজে কোস্ট গার্ডের তিনটি বিশেষ জাহাজ—‘বরদ’, ‘আনমোল’ ও ‘বিজীত’
নিরবচ্ছিন্নভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ওই পথ দিয়ে চলাচলকারী অন্য সব বাণিজ্যিক জাহাজকে নজরদারি বাড়ানো ও উদ্ধারকাজে সহায়তার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে জাহাজটি হঠাৎ ডুবে গেল, তা এখনো জানা যায়নি।