জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী সাংবাদিক ফারজানা রূপাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা পৃথক আদেশে আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদের বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
দুদক সূত্রে জানা যায়, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর উভয়ের সম্পদ বিবরণী দাখিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দেশপত্র ও নির্ধারিত ফরম ইস্যু করা হয়। শুরুতে এক কনস্টেবল নোটিশটি তাঁদের পৌঁছে দিতে গিয়ে বাসস্থানে না
পেয়ে ফরম ও আদেশপত্র ফেরত নিয়ে আসেন। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, শাকিল আহমেদ তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং ফারজানা রূপা যাত্রাবাড়ী
থানার মামলায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি আছেন।
আসামিরা কারাবন্দি থাকায় নিয়মানুযায়ী সংশ্লিষ্ট জেল সুপারদের মাধ্যমে এই সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি ও নোটিশ জারির প্রক্রিয়া চূড়ান্ত করেছে দুদক। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং
মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে নোটিশপত্র দুটির তামিল সম্পন্ন করা হবে।