বরগুনায় রাতের আঁধারে গাছে উঠে ডাব চুরি করতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হয়ে গাছ থেকে সজোরে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন দবির (৩৫) নামের এক যুবক। নিচে ছিটকে পড়ে কোমর ও হাত ভেঙে নড়াচড়া করতে না পেরে শেষমেশ প্রাণ বাঁচাতে বাড়ির মালিককেই ডেকে সাহায্য চান সেই চোর। পরবর্তীতে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আজ শনিবার (২৯ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার খাড়াকান্দা এলাকার বাসিন্দা বেলালের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতের দিকে বেলাল মিয়ার বাড়ির একটি নারকেল গাছে ডাব চুরির উদ্দেশ্যে ওঠেন দবির। করাত দিয়ে বেশ কিছু ডাব কেটে নিচে ফেলার পর অসাবধানতাবশত গাছের একটি ডালে থাকা ভিমরুলের বাসায় করাতের আঘাত লাগে। সাথে সাথে একঝাঁক ভিমরুল দবিরকে কামড়াতে শুরু করলে যন্ত্রণায় ভারসাম্য হারিয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তাঁর কোমর ও হাত ভেঙে যায় এবং তিনি গাছের নিচে নিস্তেজ হয়ে পড়ে থাকেন।
সকালে যন্ত্রণায় উঠতে না পেরে অবশেষে বাধ্য হয়ে বাড়ির মালিককে ডেকে সাহায্য চান দবির। পরে বাড়ির মালিক বেলাল ঘর থেকে বের হয়ে ডাব ও করাতসহ চোরকে গাছের নিচে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
বরগুনা সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চোর দবিরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।