বক্স অফিসের চিরচেনা নিয়ম ‘রাজা একজনই হন’—তবে আগামী ২০২৬ সালের বড়দিনের মৌসুমে সেই সমীকরণ বদলাতে যাচ্ছে! আগামী ২৪ ডিসেম্বর একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ভারতীয় সিনেমার দুই মেগাস্টারের সিনেমা। একদিকে বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান, অন্যদিকে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা নাগার্জুন আক্কিনেনি। কাকতালীয়ভাবে দুজনের সিনেমার নামেই রয়েছে ‘কিং’।
২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র ইতিহাসগড়া সাফল্যের পর প্রায় তিন বছর পর পূর্ণাঙ্গ সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত মেগা অ্যাকশন থ্রিলার ‘কিং’-এ শাহরুখের সঙ্গে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর কন্যা সুহানা খানের। সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অনিল কাপুরের মতো তারকারা।
অন্যদিকে, নিজের ৬৭তম জন্মদিনে (২৯ আগস্ট) ক্যারিয়ারের ১০০তম সিনেমা ‘কিং ১০০’-এর অফিশিয়াল ফার্স্ট লুক ও মুক্তির তারিখ প্রকাশ করেছেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন। আর এ কার্তিক পরিচালিত এই ছবিতে দীর্ঘ ২৮ বছর পর নাগার্জুনের সঙ্গে জুটি বাঁধছেন বর্ষীয়ান অভিনেত্রী তাবু। অন্নপূর্ণা স্টুডিওস প্রযোজিত এ সিনেমায় আরও রয়েছেন আইশ্বর্যা রাজেশ।
একই দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর উত্তর ও দক্ষিণ ভারতের দুই ভিন্ন ইন্ডাস্ট্রির ‘কিং’ উপাধিধারী তারকার এই লড়াই বক্স অফিসে কেমন ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা চলচ্চিত্রপ্রেমীরা।
এ জাতীয় আরো খবর..