পরাজিত ও পলাতক শক্তি পরস্পর যোগসাজশ করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। যেকোনো ষড়যন্ত রাজনৈতিকভাবে মোকাবিলা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে শনিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রস্তুতি সভার মূল বিষয়বস্তু ও দিকনির্দেশনা:
দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পরিস্থিতি: মীর হেলাল উল্লেখ করেন, ৩০ লাখ কোটি টাকার ঋণের বিশাল বোঝা মাথায় নিয়ে বর্তমান সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে। এই ধ্বংসস্তূপ থেকে দেশকে টেনে তুলতে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এবং রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা ও সময় প্রয়োজন বলে তিনি জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি: সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহ জানান, আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের যথাসময়ে সুশৃঙ্খলভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় সদস্য শামসুল আলমসহ নগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।