কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়ন কার্যক্রম বেগবান করতে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় জুমে যুক্ত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, গাইবান্ধার জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহানসহ সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা।
সভার মূল সিদ্ধান্ত ও নির্দেশনাসমূহ:
মাঠ প্রশাসনের সমন্বয় ও তদারকি: জেলার উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিতে বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করা এবং জেলা প্রশাসকদের নিয়মিত উপজেলা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া কুড়িগ্রামের আইনশৃঙ্খলা সভায় পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়।
সার সরবরাহ ও ডিলার নিয়োগ: বাজারে কৃত্রিম সংকট এড়িয়ে কৃষকদের সময়মতো সার সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে। নতুন সমন্বিত নীতিমালা অনুযায়ী জেলা ও উপজেলা কমিটির মাধ্যমে দ্রুত শূন্য পদে ডিলার নিয়োগের কার্যকর তাগিদ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা ও জুয়া প্রতিরোধ: নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে নিয়মিত মামলা ও মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত হয়। পাশাপাশি গুজব প্রতিরোধে তথ্য দ্রুত প্রচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।