নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে (২১) একাধিকবার ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ এবং পিস্তল উঁচিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার দাবি করে গতকাল সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারীর স্বামী বিদেশে অবস্থান করার সুযোগে স্থানীয় মো. ইয়ামিন (৩৫) ও মো. ইব্রাহিম খলিল (৩০) দীর্ঘদিন ধরে তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ২ জানুয়ারি রাতে ইয়ামিন ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে এবং ইব্রাহিম খলিল তা মোবাইলে ভিডিও করে রাখে। পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ও বিয়ের প্রলোভনে ইয়ামিন তাঁকে একাধিকবার ধর্ষণ করে।
বর্তমানে ওই নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ইয়ামিন তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ দেয়। এতে সম্মতি না দেওয়ায় তাঁকে মারধরসহ পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় বলে ভুক্তভোগী জানান। তিনি বর্তমানে তিন সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।