দীর্ঘ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অসামান্য অবদান ও ত্যাগের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেছেন ওয়াশিংটন ডিসি বিএনপির সহ-সভাপতি জাহিদ খান।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
তিনি লিখেছেন, হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের অবস্থান হওয়ায় ওয়াশিংটন ডিসি ছিল বাংলাদেশে গণতন্ত্র, ভোটাধিকার এবং মৌলিক মানবাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের একটি প্রধান কেন্দ্র। একটি ডেমোনস্ট্রেশনের ডাক পেলেই প্রবাসীরা নিজেদের কাজ, পরিবার ও ব্যস্ততা পেছনে ফেলে বিভিন্ন স্টেট থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ডিসিতে এসে যোগ দিতেন।
বিশেষভাবে 'ওয়াশিংটন ডিসি বিএনপি টিম'-এর নেতাকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে জাহিদ খান লিখেন, অনেকে নিজেদের গুরুত্বপূর্ণ চাকরি ও ব্যক্তিগত কাজ উপেক্ষা করে প্রতিটি আন্দোলন-সংগ্রামে উপস্থিত ছিলেন। তাদের একমাত্র লক্ষ্য ছিল—বাংলাদেশের মানুষ যেন তাদের হারানো ভোটাধিকার ফিরে পায়, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং জনগণ নিজেদের ভবিষ্যৎ নিজেরা নির্ধারণ করার সুযোগ পায়।
আন্দোলনে অংশ নেওয়া ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটের সহযোদ্ধা ও প্রবাসীদের সালাম ও শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, "দেশের প্রতি ভালোবাসার টানে তারা যে সময়, শ্রম ও ত্যাগ স্বীকার করেছেন, ইতিহাস তাদের এই অবদান চিরকাল মনে রাখবে।"