সাতক্ষীরার পাটকেলঘাটায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্ধশতাধিক সক্রিয় নেতাকর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগ দিয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জেলার পাটকেলঘাটায় যুবদল কার্যালয়ে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রমিক দলে যোগ দেন তারা।
অনুষ্ঠানের শুরুতে নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি নবাগতদের বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও জাতীয়তাবাদী ভাবধারায় উজ্জীবিত হয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশ পুনর্গঠন ও উন্নয়ন অগ্রযাত্রায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, আগামী দিনে আপনারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।