যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-তে অনুষ্ঠেয় ২০২৬ সালের গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সামিটে অংশগ্রহণের জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ও বাঙালির পাঠশালার প্রতিষ্ঠাতা ড. গোলাম রাব্বানী নয়ন বাঙালিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আয়োজক কমিটির পক্ষ থেকে গত ৩১ জুলাই পাঠানো এক চিঠিতে এ আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৮ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ হার্ভার্ড ইউনিভার্সিটি ও এমআইটিতে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য “Building Better, Together: C4 Powered by AI”। সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়নের ক্ষেত্রে উচ্চ-প্রভাবসম্পন্ন সহযোগিতা গড়ে তোলা। এতে একাডেমিয়া, সরকার, স্বাস্থ্যসেবা, শিল্প, দাতব্য প্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরা অংশ নিয়ে উদ্ভাবন, কর্মী উন্নয়ন, টেকসই অর্থায়ন এবং সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
আমন্ত্রণপত্রে বলা হয়েছে, অধ্যাপক রাব্বানীকে তার অর্জন, নেতৃত্ব এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী স্বাস্থ্য উন্নয়নে তার অঙ্গীকারের কারণে সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সম্মেলনের বিভিন্ন আলোচনা, সহযোগিতা ও নেটওয়ার্কিং সেশনে অংশ নিয়ে স্বাস্থ্য ও উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরার সুযোগ পাবেন।
হার্ভার্ড ও এমআইটির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে ড. নয়ন বাঙালির আমন্ত্রণ পাওয়া আন্তর্জাতিক স্বাস্থ্য অঙ্গনে তার কাজ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।