নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চান না লেবাননের প্রেসিডেন্ট: রিপোর্ট
প্রতিবেদনঃ অনলাইন ডেস্ক
আপডেট টাইমঃ
16-04-2026 ইং
39724
বার পঠিত
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলতে চান না লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। ইসরাইলের প্রধানমন্ত্রী লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলবেন তেল আবিবের এমন দাবির পর এমন খবর এলো
এক প্রতিবেদনে লেবাননের সংবাদমাধ্যম এলবিসিআই জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছেন, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন না।
বৃহস্পতিবার লেবাননের আল-জাদিদ জানায়, দুই দেশের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আউন, নেতানিয়াহু এবং রুবিওর মধ্যে একটি ত্রিপক্ষীয় ফোনকলের ব্যবস্থা করার প্রচেষ্টা চলছিল। তবে এ বিষয়ে লেবানন ও ইসরাইলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ব্রিটেনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূতের সঙ্গে এক বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট আউন বলেন, ইসরাইলের কাছে যে যুদ্ধবিরতির জন্য লেবানন যে দাবি জানাচ্ছে, এটি দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার জন্য একটি স্বাভাবিক প্রবেশপথ হিসেবে কাজ করবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে লেবাননের প্রেসিডেন্ট বলেন, ‘দক্ষিণাঞ্চলসহ লেবাননের সব অঞ্চলে উত্তেজনা বন্ধ করতে লেবানন আগ্রহী, যাতে নিরীহ ও নিরাপদ মানুষ—নারী, পুরুষ ও শিশুদের ওপর হামলা বন্ধ হয় এবং লেবাননের গ্রাম ও শহরগুলোতে বাড়িঘর ধ্বংস হওয়া থেমে যায়।’
জোসেফ আউন বলেন, দেশের সার্বভৌমত্বকে সম্মান জানাতে ইসরাইল ও লেবাননের মধ্যে আলোচনা ‘শুধুমাত্র লেবাননের কর্তৃপক্ষের দ্বারাই পরিচালিত হবে’।