প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদে ২১ লাখ মৃত ভোটার চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে অনেকেই অতীতে ভোট দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে সংলাপে তিনি এই তথ্য জানান। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য। মিথ্যা বা ভুয়া তথ্য প্রতিরোধে মিডিয়ার সক্রিয় অংশগ্রহণ জরুরি।
এছাড়া, সিইসি জানান, প্রবাসে ভোটের জন্য দায়িত্ব পালনকারী সরকারি কর্মকর্তাদের ভোটের ব্যবস্থা করা হবে। প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবী এবার ভোটের আওতায় আনা হবে। তিনি বলেন, “আমরা আয়নার মতো স্বচ্ছ করে নির্বাচন সম্পন্ন করতে চাই।”
এ বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন জাতির কাছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের নিশ্চয়তা দিয়েছে এবং সবাইকে সহযোগিতার আহ্বান জানায়।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর ইসি ভোট সংলাপ শুরু করে। প্রথম দিনে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হলেও প্রতিনিধিদের অর্ধেকেরও বেশি অংশগ্রহণ করেননি।